প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি
সমাচার প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পিএম
ফাইল ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় ত্রুটির প্রকৃত কারণ অনুসন্ধান করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনুর আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কোনো উড়োজাহাজে এ ধরনের ঘটনা ঘটলে নিয়ম অনুযায়ী অভ্যন্তরীণভাবে তদন্ত কমিটি গঠন করে বিস্তারিত তথ্য অনুসন্ধান করা হয়। এবারও সেই নিয়ম অনুসরণ করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি দ্রুত প্রতিবেদন দেবে বলে আশা করা হচ্ছে।
বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং) কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন), ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি) এবং সদস্যসচিব হিসেবে থাকবেন ব্যবস্থাপক (আইনবিষয়ক)।
কমিটিকে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির কার্যপরিধিতে রয়েছে—উড়োজাহাজের কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন উদ্ঘাটন, উড্ডয়ন উপযোগিতা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপ পর্যালোচনা এবং এ ঘটনায় ফ্লাইট বিলম্ব, যাত্রীদের ভোগান্তি ও বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর প্রভাব নিরূপণ।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৭৭ কারিগরি ত্রুটির কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ের প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে যাত্রা করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল দল এবং জাপানের টেকনিশিয়ানরা উড়োজাহাজটির কারিগরি ত্রুটি মেরামতের কাজ সম্পন্ন করেন। মেরামত শেষে বাংলাদেশ সময় রাত ৭টা ৪৩ মিনিটে ফ্লাইটটির পুশব্যাক করা হয়। এরপর রাত ৭টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে ফ্লাইট বিজি ৩৭৭।
ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে উড়োজাহাজের ত্রুটির কারণ এবং সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উঠে আসবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

