বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সমাচার প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পিএম
ফাইল ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন। সফরকালে তিনি মোংলায় দুটি, খুলনায় একটি কর্মসূচিতে অংশ নেবেন। পাশাপাশি বাগেরহাট জেলা সদরে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা থেকে হেলিকপ্টারে মোংলার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে নির্ধারিত কর্মসূচি শেষে সড়কপথে খুলনায় যাবেন।
খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন ২’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সারা দেশে তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ক্রীড়া মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করছে।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে খুলনায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সফর উপলক্ষে নগরীকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করা হয়েছে। জেলা স্টেডিয়াম ও আশপাশের সড়কে শোভা পাচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টসের নানা রঙের ব্যানার ও ফেস্টুন। শিববাড়ী মোড় থেকে রেলস্টেশনের প্রধান ফটক পর্যন্ত দেয়ালে আঁকা হয়েছে বিভিন্ন গ্রাফিতি।
এসব গ্রাফিতিতে তুলে ধরা হয়েছে খুলনার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। পাশাপাশি স্থান পেয়েছে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের স্মৃতি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতি, সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগারের চিত্র।
সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিভিন্ন স্থানে নির্মিত তোরণ ও লাগানো বিলবোর্ড খুলে ফেলা হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে নেতা-কর্মীদের লাগানো ফেস্টুনও। ফলে এবার সরকারপ্রধানের আগমন ঘিরে নগরজুড়ে যত্রতত্র তোরণ, ব্যানার ও ফেস্টুনের উপস্থিতি দেখা যাচ্ছে না। এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে পুরো মহানগরীতে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে মহানগরীকে পরিচ্ছন্ন, নান্দনিক ও দৃষ্টিনন্দন করা হয়েছে। প্রধানমন্ত্রীকে সাদরে অভ্যর্থনা জানাতে তারা অপেক্ষায় রয়েছেন।

