সংবাদ প্রচার ঘিরে পরিস্থিতি, ডিবি হেফাজতে ইকবাল সোবহান
সমাচার প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪১ পিএম
ছবি-সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ও ডিবিসি নিউজের ক্রাইম চিফ রাজিব ঘোষকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। ডিবিসি কার্যালয়ে একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির পর তাঁদের ডিবি কার্যালয়ে নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে কয়েকজন ব্যক্তি রাজধানীর মহাখালীতে ডিবিসি কার্যালয় থেকে তাঁদের নিয়ে যান। পরে তাঁদের মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন বলেন, ডিবিসি কার্যালয়ে একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ডিবি পুলিশের সদস্যরা সেখানে যান। পরিস্থিতি এড়াতে ইকবাল সোবহান চৌধুরী ও রাজিব ঘোষকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তাঁদের সঙ্গে কথা বলা হচ্ছে। পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
কোন সংবাদ প্রচারকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, জানতে চাইলে আকতার হোসেন বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য তাঁর কাছে নেই। সেখানে কোনো বিরোধ বা উত্তেজনা তৈরি হয়েছিল কি না, সেটিও নিশ্চিত করতে পারেননি তিনি।
এর আগে গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয় ইকবাল সোবহান চৌধুরীকে। সেদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁর জেদ্দা যাওয়ার কথা ছিল। তবে তাঁকে ফেরত পাঠানোর কারণ জানা যায়নি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেকটা আড়ালে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। ওই বছরের সেপ্টেম্বরে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে জাতীয় প্রেসক্লাবে তাঁকে দেখা যায়।

