Logo
Logo
×

জাতীয়

সমবায় আন্দোলন পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম

সমবায় আন্দোলন পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

ছবি: বঙ্গভবন

সমবায় আন্দোলন পুনরুজ্জীবিত করতে সমবায় সমিতিগুলোকে দুর্নীতিমুক্ত করা, সক্ষমতা বৃদ্ধি, পণ্য বাজারজাতকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং বিদ্যমান আইন যুগোপযোগী করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, দুর্নীতির কারণে দেশের অধিকাংশ সমবায় সমিতির কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে। হাতে গোনা কয়েকটি সমিতি সফলভাবে কাজ করছে। সমবায় আন্দোলনকে এগিয়ে নিতে হলে প্রথমেই সংগঠনগুলোকে দুর্নীতিমুক্ত করতে হবে।

তিনি বলেন, ১৯০৪ সালে সমবায় আন্দোলনের যাত্রা শুরু হয়। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমবায়কে গুরুত্ব দিয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ার উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করেছিলেন। এ সময় তিনি সমবায় আন্দোলনের অগ্রগতিতে ড. আখতার হামিদ খানের অবদানের কথাও তুলে ধরেন।

সমবায় উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের নেতৃত্বে এ খাত আরও গতিশীল হবে।

তিনি বলেন, একসময় সমবায় আন্দোলনের যে অবস্থান ছিল, তা এখন আর নেই। ধীরে ধীরে এ আন্দোলন পিছিয়ে পড়েছে। তাই সমবায় খাতের উন্নয়ন ও সম্প্রসারণে সংশ্লিষ্ট আইন সংশোধন করে যুগোপযোগী করতে হবে।

রাষ্ট্রপতি বলেন, দেশের এনজিও খাতের অগ্রগতির কারণে সমবায় প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে। এ অবস্থায় সমবায় সমিতিগুলোর সক্ষমতা বাড়িয়ে এনজিওগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকার উপযোগী পরিবেশ তৈরি করতে হবে।

সমবায়ের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে সমস্যা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ সমস্যা সমাধানে সমবায় অধিদপ্তর ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে সমবায়ভিত্তিক কোম্পানি গঠন করে উৎপাদিত পণ্য বাজারজাতকরণে সমিতিগুলোকে সহযোগিতা করা যেতে পারে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সমবায়ের মূল ধারণা হচ্ছে ঐক্যবদ্ধভাবে কাজ করা। দেশের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সমবায় আন্দোলনকে আরও বিস্তৃতভাবে জনগণের সামনে তুলে ধরারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সফল সমবায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে অনেক সমবায়ী প্রতিষ্ঠান ভালো কাজ করছে। তাদের উদ্যোগ ও অগ্রগতি আশাব্যঞ্জক। সমবায়ীরা এখনো এ আন্দোলন ধরে রেখেছেন উল্লেখ করে তিনি তাঁদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বক্তব্য দেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব, মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ এবং বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি মো. আবদুস সালাম।

স্বাগত বক্তব্য দেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক সেলিম ফকির।

এ বছরের সমবায় দিবসের প্রতিপাদ্য ‘করবো সমবায়, গড়বো দেশ। সবার জন্য বাংলাদেশ’। অনুষ্ঠানে সফল সমবায়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন রাষ্ট্রপতি। এর আগে তিনি অনুষ্ঠানস্থলে বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন