ছবি-সংগৃহীত
আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা উঠানোর সময় চাঁদাবাজ চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। রাজধানীর পুরান ঢাকার নয়াবাজার ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- শশি
গ্রুপের তৌকির আহমেদ ওরফে শশি, সুমন, আরিফ ও কামরান। এ সময় তাদের কাছ থেকে আদায়কৃত
চাঁদা নগদ ৩ হাজার ৪০ টাকা ও ৪টি লাঠি জব্দ করা হয়।
এ ছাড়া হানিফ গ্রুপের অন্যতম মূল হোতা মো. আবু হানিফ, মজিবুর
রহমান ওরফে বাতাস, শাহিন, শান্ত, লিটন, মো. সাগর ইসলাম, শাহাদাত হোসেন, মো. রুবেল।
এ সময় তাদের কাছ থেকে আদায়কৃত চাঁদা নগদ ৬ হাজার ২০০ টাকা ও ৮টি কাঠের লাঠি উদ্ধার
করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১০-এর সহকারী পুলিশ সুপার এম জে সোহেল
বলেন, বুধবার রাত ২টা ৪৫ মিনিটে পুরান ঢাকার নয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করা
হয়। অভিযানে বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা উঠানোর সময় চাঁদাবাজ চক্রের
অন্যতম মূল হোতা তৌকির আহমেদ ওরফে শশিসহ চারজন পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া র্যাব-১০-এর অপর একটি দল রাজধানী দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা নেওয়ার সময় চাঁদাবাজ চক্র হানিফ গ্রুপের অন্যতম মূল হোতা মো. আবু হানিফসহ ৮ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করে।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা বেশ কিছুদিন ধরে রাজধানীর কোতোয়ালি, যাত্রাবাড়ী, ডেমরা ও দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সঙ্গে অশোভন আচরণ করে ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

