সিটি পৌর জেলা উপজেলার মেয়র-চেয়ারম্যান অপসারিত
সমাচার প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৪:১০ এএম
প্রতিকী ছবি
স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আইনগুলো সংশোধনের পর সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় নির্বাচিত সব চেয়ারম্যান, মেয়র ও ভাইস চেয়ারম্যানদের অপসারণ করেছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার।
সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে আলাদা আলাদা প্রজ্ঞাপনে তাদের অপসারণ করা হয়। পাশাপাশি আলাদাভাবে প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপনও হয়।
ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যাপক রদবদল চলছে প্রশাসনে। সংসদ বিলুপ্ত হওয়ায় রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদ আইন সংশোধন হয়। আইন সংশোধনের এক দিন পরই নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণের প্রজ্ঞাপন জারি হয় স্থানীয় সরকার বিভাগ থেকে।
১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণের পর প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। অপসারিত মেয়ররা হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যারিস্টার শেখ চট্টগ্রাম সিটি করপোরেশনের রেজাউল করিম চৌধুরী, খুলনা সিটি করপোরেশনের তালুকদার আবদুল খালেক, রাজশাহী সিটি করপোরেশনের এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বরিশাল সিটি করপোরেশনের আবুল খায়ের আবদুল্লাহ, রংপুর সিটি করপোরেশনের মোস্তাফিজার রহমান মোস্তফা, সিলেট সিটি করপোরেশনের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, ময়মনসিংহ সিটি করপোরেশনের ইকরামুল হক টিটু, কুমিল্লা সিটি করপোরেশনের তাহসিন বাহার সূচনা, গাজীপুর সিটি করপোরেশনের জায়েদা খাতুন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।
নির্বাচিত মেয়রদের অপসারণে সংশোধিত স্থানীয় সরকার (সিটি করপোরেশন) অধ্যাদেশ, ২০২৪ এর ২৫ (ক) ধারা প্রয়োগ করার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে। বিশেষ পরিস্থিতিতে মেয়র ও কাউন্সিলরদের অপসারণের ক্ষেত্রে সরকারের ক্ষমতা শীর্ষক অধ্যাদেশের ১৩ (ক) ধারায় বলা হয়েছে, ‘এই আইনের অন্যান্য বিধানে কিংবা আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, সরকার, বিশেষ পরিস্থিতিতে সরকার অত্যাবশক বিবেচনা করিলে বা জনস্বার্থে, সকল সিটি করপোরেশনের মেয়র বা কাউন্সিলরগণকে অপসারণ করিতে পারিবে।’
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মহ. শের আলী, আর ঢাকা উত্তর সিটিতে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মাহমুদুল হাসান। আর চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কমিশনারদের দেওয়া হয়েছে ওইসব সিটি করপোরেশনের দায়িত্ব। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামানকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালককে (অতিরিক্ত সচিব) কুমিল্লা সিটি করপোরেশন এবং ঢাকার বিভাগীয় কমিশনারকে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রশাসকরা সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করবেন। এসব কর্মকর্তারা তাদের দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রশাসকের দায়িত্ব পালন করবেন, এ জন্য তারা বিধি অনুযায়ী দায়িত্ব ভাতা পাবেন। এ ছাড়া আর আর্থিক বা অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন না।
অপসারণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। জাতীয় পার্টি থেকে নির্বাচিত এ জনপ্রতিনিধি বলেন, এটা তো সরকারের সিদ্ধান্ত, আমার বলার কিছু নাই। সরকারের সিদ্ধান্তকে ওয়েলকাম জানাই।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র আওয়ামী লীগ নেতা সেলিনা হায়াৎ আইভী বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়ে দল-মত নির্বিশেষে নগরবাসীর সেবা করেছি। সিটি মেয়র হিসেবে কখনো কাউকে দলীয় চোখে দেখিনি, নিঃস্বার্থভাবে কাজ করে গেছি। সবসময় অন্যায়, অত্যাচার, দুর্নীতির বিরুদ্ধে সাহসের সঙ্গে প্রতিবাদ করেছি। আগামীতেও আমি একইভাবে নারায়ণগঞ্জবাসীর পাশে থাকব।
তিন পার্বত্য জেলা বাদে সব জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে যেসব জেলায় বিভাগীয় শহর পড়েছে, সেখানে প্রশাসকের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)। বাকি ৫৩ জেলায় দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসকরা।
দেশের ৪৯৫টি উপজেলাতেই সংশ্লিষ্ট ইউএনওকে প্রশাসক হিসেবে নিয়োগ সরকার। এর আগে ৪৯৩ জন চেয়ারম্যানকে অপসারণ করা হয়। আর খুলনার কয়রা উপজেলা চেয়ারম্যান জি এম মোহসিন রেজা মারা যাওয়াই শূন্য ঘোষণা করা হয় তার পদটি। রোববার স্থানীয় সরকার বিভাগের তিন প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নির্বাচিত চেয়ারম্যানদের অপসারণে উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ১৩ (ঘ) ধারা প্রয়োগ করার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।
৪৯৪ উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানকে অপসারণ করেছে সরকার। গতকাল সোমবার ৯৮৮ জন জনপ্রতিনিধিকে অপসারণের প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ১৩ঘ প্রয়োগ করে নিম্নবর্ণিত সব ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদকে উপজেলা পরিষদের নিজ নিজ পদ থেকে অপসারণের কথা বলা হয় প্রজ্ঞাপনে।
দেশের ৩৩০ পৌরসভাতেই প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সহকারী কমিশনার (ভূমি), অতিরিক্ত জেলা প্রশাসকসহ বিভিন্ন পদবির সরকারি কর্মকর্তা এই দায়িত্ব পেয়েছেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এর আগে ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ করা হয়। বাকি সাত পৌরসভায় আগে থেকে প্রশাসক ছিল, যাদেরকে সরিয়ে নতুনদের দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার স্থানীয় সরকার বিভাগের তিনটি প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নির্বাচিত মেয়রদের অপসারণে সংশোধিত স্থানীয় সরকার (পৌরসভা) অধ্যাদেশ, ২০২৪-এর ৩২ (ক) ধারা প্রয়োগ করার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।

