চীনের সঙ্গে বিএনপির সম্পর্ক আরও গভীর হবে: ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৪:০৬ এএম
ছবি: সংগৃহীত
চীনের সঙ্গে বিএনপির সম্পর্ক আরও গভীর হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২১ আগস্ট) সকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আজকের বৈঠকটি অনেক গুরুত্বপূর্ণ। বৈঠকে স্পষ্ট করে বলেছেন, তারা (চীন) আধিপত্যবাদে বিশ্বাস করেন না। বাংলাদেশের ভূ-রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে চীন বাংলাদেশের জনগণের পাশে থাকবে। এই প্রতিশ্রুতি তারা আগেও দিয়েছেন, এখনও দিচ্ছেন।
তিনি আরও বলেন, চীন বিশ্বের রাজনীতিতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেটিও আমরা অ্যাপ্রিশিয়েট করছি। বিশেষ করে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে চীন যেভাবে অর্থনৈতিক সহযোগিতা করছে, সেটির জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছি।

