Logo
Logo
×

জাতীয়

পদত্যাগ করলেন খালেদ মাহমুদ সুজন

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১১ এএম

পদত্যাগ করলেন খালেদ মাহমুদ সুজন

ছবি-সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন। বুধবার (১১ সেপ্টেম্বর) বোর্ডে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। বিসিবি একজন পরিচালক সুজনের দায়িত্ব ছাড়ার খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

লম্বা সময় ধরে বিসিবিতে একাধিক কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন সুজন। সর্বশেষ তিনি গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে ক্রিকেট অপারেশন্স কমিটির সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিসিবি পরিচালকের পদে থাকার সময়ে জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন সুজন। বিভিন্ন সময় টিম ডিরেক্টর, অন্তর্বর্তীকালিন কোচ, টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন তিনি।

খালেদ মাহমুদ সুজন মিডিয়াম-পেস বোলার এবং মিডল-অর্ডারের ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে খেলেছেন। ১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ দলে খেলেছেন এবং ২০০৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন। ২০১৮ সালে ত্রিদেশীয় সিরিজের আগে তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রযুক্তি পরিচালক হিসাবে কাজ শুরু করেন।

অন্যদিকে, গতমাসের শেষ দিকে বিসিবি সভাপতি বোর্ড সভা শেষে জানিয়েছিলেন দুই পরিচালক তাদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল ও তানভির আহমেদ টিটু পদত্যাগের ঘোষণা দিয়েছেন সে সময়ে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) নতুন সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে প্রথম বোর্ড মিটিংয়ে এ ঘোষণা দেন তারা।

নাদেল বিসিবির নারী বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। তানভীর ইসলাম টিটু বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ছিলেন।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন