স্থানীয় নির্বাচনে জোটবদ্ধ হচ্ছে হেফাজতের উদ্যোগে সাত কওমি দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:১৭ পিএম
ছবি-সংগৃহীত
স্থানীয় সরকার নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেওয়ার লক্ষ্যে হেফাজতে ইসলামের উদ্যোগে কওমি ধারার সাতটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ‘সমমনা ইসলামী দল’ ব্যানারে তারা রাজনৈতিক কর্মসূচি পালন করবে।
বৃহস্পতিবার রাজধানীর আল-জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদ্রাসায় সাত দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান।
জোটে থাকা দলগুলো হলো— ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
বৈঠক সূত্রে জানা গেছে, স্থানীয় নির্বাচনে সাত দল একসঙ্গে অংশ নেওয়ার বিষয়ে প্রাথমিক ঐকমত্য হয়েছে। তবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এবং বিএনপির সঙ্গে থাকা দলগুলোর সম্পর্ক ছিন্ন করার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আগামী ৫ ডিসেম্বর লিয়াজোঁ কমিটির পরবর্তী বৈঠকে আলোচনা হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান জানান, সাতটি দলই দেওবন্দের আদর্শের অনুসারী ও সমমনা। স্থানীয় নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেওয়াই তাদের প্রাথমিক লক্ষ্য। কোনো একক দল বা নেতার নেতৃত্বে নয়, সাত দলের শীর্ষ নেতাদের সমন্বয়ে জোট পরিচালিত হবে।
তিনি বলেন, হেফাজতে ইসলাম এখানে মূলত মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। সংগঠনটি অরাজনৈতিক অবস্থান বজায় রাখবে।
অন্যদিকে, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন জানান, জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলনে ১১ দলীয় ঐক্যে থাকলেও স্থানীয় নির্বাচনে ইসলামী দলগুলোর আলাদা জোটে অংশ নেওয়ার বিষয়ে আলোচনা চলছে।
বৈঠকে দলগুলোর নেতাকর্মীদের পারস্পরিক সমালোচনা ও ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকার বিষয়েও ঐকমত্য হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এনসিপিসহ অন্য রাজনৈতিক দলকেও এ জোটে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

