যুক্তরাষ্ট্রে ডাকাতের গুলিতে বাংলাদেশি তরুণের মৃত্যু
সমাচার প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ডাকাতের গুলিতে প্রাণ হারিয়েছেন স্টুডেন্ট ভিসায় দেশটিতে যাওয়া বাংলাদেশি তরুণ মহসিন শহীদ রানা। ঢাকার বাসিন্দা রানা পড়াশোনার পাশাপাশি একটি গ্যাস স্টেশনে খণ্ডকালীন কাজ করতেন।
জানা গেছে, টেনেসির বেলস শহরে বাংলাদেশি মালিকানাধীন গ্যাস স্টেশন সাফারি কর্নার মার্টে কর্মরত অবস্থায় ২৩ আগস্ট সশস্ত্র ডাকাতের গুলিতে নিহত হন শাহেদ রানা। নাইট শিফটে দায়িত্ব পালনকালে রাত আনুমানিক ২টার দিকে গ্যাস স্টেশনের দোকানেই তাহাজ্জুদের নামাজে দাঁড়ান রানা। এ সময় এক সশস্ত্র ডাকাত দোকানে প্রবেশ করে ক্যাশ বাক্স দাবি করে। রানা কোনো ধরনের বাধা না দিয়ে ডাকাতের চাওয়া অনুযায়ী ক্যাশ বাক্সের সমস্ত টাকা ও সিগারেট তুলে দেন। এরপরও দোকান থেকে চলে যাওয়ার সময় ডাকাতটি রানাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
স্বপ্নপূরণের আশায় যুক্তরাষ্ট্রে যাওয়া এই তরুণের মর্মান্তিক মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ পাওয়ার পর স্থানীয় বাংলাদেশি প্রবাসী ও শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
সংবাদ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর ব্রুকলিনের বাংলাদেশ মুসলিম সেন্টার জামে মসজিদে নিহত রানার জানাজা অনুষ্ঠিত হয়। ইমাম হাফেজ মাওলানা কারী রুহুল্লাহর ইমামতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

