ছবি: সংগৃহীত
এএফসি নারী এশিয়ান কাপে শক্তির এক দাপুটে প্রদর্শনীতে একতরফা ম্যাচে ভারতকে ১১-০ গোলে বিধ্বস্ত করে সহজেই কোয়ার্টার ফাইনালে উঠে গেছে জাপান। ম্যাচজুড়ে ছিল জাপানের সম্পূর্ণ আধিপত্য। ৩৫টি শট নিয়েছে তারা, যার ১৬টি ছিল লক্ষ্যে। বিপরীতে ভারত একটি শটও নিতে পারেনি। বল দখলেও বিশাল ব্যবধান—৮০ শতাংশ সময় বল ছিল জাপানের নিয়ন্ত্রণে।
জাপানের হয়ে হ্যাটট্রিক করেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার হিনাতা মিয়াজাওয়া এবং বদলি নেমে আরেকটি হ্যাটট্রিক করেন রিকো উয়েকি। দুটি গোল করেন কিকো সেইকে। এছাড়া একটি করে গোল করেন ইয়ুজুকি ইয়ামামোতো, ইয়ূই হিসাওয়াগা ও মায়া হিজিকিতা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে জাপান। চতুর্থ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ইয়ামামোতো। এরপর হেসেগাওয়া ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধেই মিয়াজাওয়ার দুই গোল ও সাইকির পেনাল্টিতে জাপান বিরতিতে যায় ৫-০ ব্যবধানে এগিয়ে থেকে।
দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ে। বিরতির পরপরই গোল করেন উয়েকি, পরে আরও দুটি গোল করে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক। মাঝখানে সাইকি ও হিজিকাতাও গোলের খাতা খোলেন। ম্যাচের শেষদিকে আবারও গোল করেন মিয়াজাওয়া, পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক এবং জাপানের ১১তম গোল।
এই জয়ে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে উঠে গেছে জাপান।

