Logo
Logo
×

খেলা

মেসির জন্মদিন যেভাবে উদ্‌যাপন করল আর্জেন্টিনা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:৩০ পিএম

মেসির জন্মদিন যেভাবে উদ্‌যাপন করল আর্জেন্টিনা

ছবি: ইনস্টাগ্রাম

এমন সৌভাগ্যবান খেলোয়াড় কতজনই-বা হতে পারেন, যাঁর জন্মদিন পড়ে ফুটবল বিশ্বকাপের সময়। বলা হচ্ছে লিওনেল মেসির কথা। আজ আর্জেন্টাইন ফরোয়ার্ড ৩৯ বছর পূর্ণ করেছেন। সতীর্থদের সঙ্গে মার্কিন মুলুকে উদ্‌যাপন করা হয়েছে মেসির জন্মদিন।

শুভ জন্মদিন মেসি—সামাজিক যোগাযোগমাধ্যমে আজ চোখ পড়তেই এই পোস্ট দেখা যাচ্ছে অহরহ। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের কাছেও ফুটবলপ্রেমীদের অসংখ্য শুভেচ্ছাবার্তা এসেছে। সবার উত্তর হয়তো তিনি দিতে পারেননি। যা হোক, সতীর্থরা কেক কেটে উদ্‌যাপন করেছেন তাঁর জন্মদিন। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড ছবি শেয়ার করেছেন নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে। সেখানে দেখা যাচ্ছে, একটা টেবিলে রাখা কেকের ওপর ইংরেজিতে লেখা ৩৯। দুটি সংখ্যার ওপর মোমবাতি জ্বালানো। মেসিসহ লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো পারেদেস, নাহুয়েল মলিনা, লিসান্দ্রো মার্তিনেস ও জিওভান্নি লো সেলসো দাঁড়িয়ে আছেন।

শুধু মেসিসহ আর্জেন্টিনার সাত ফুটবলারই নন, দলের এক সাপোর্টিং স্টাফকেও দেখা গেছে তাঁদের সঙ্গে। আর্জেন্টিনা দল যে সুখী পরিবার, সেটা তাঁদের হাসিখুশি চেহারাই বলে দিচ্ছে। আলজেরিয়া, অস্ট্রিয়ার বিপক্ষে টানা দুই জয়ে আর্জেন্টিনা ‘জে’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশে উঠেছে। আর্জেন্টিনার পাঁচ গোলের পাঁচটিই করেছেন মেসি। ১৮ গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন তিনিই।

রেকর্ডের বরপুত্র, জাদুকর কত উপাধিই তো মেসি পেয়েছেন। বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর মতো ফিফাও আর্জেন্টাইন তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। বাংলাদেশ সময় আজ বেলা ৩টা ৩২ মিনিটে তাঁকে নিয়ে ফিফা বিশ্বকাপ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে। ২০০৬ সালে প্রথমবারের মতো যখন বিশ্বকাপে মেসি খেলতে নেমেছিলেন, গ্যালারিতে থাকা আর্জেন্টাইন সমর্থকেরা কীভাবে উদ্‌যাপন করেছিলেন, তা ১ মিনিট ২২ সেকেন্ডের সংক্ষিপ্ত ভিডিওতে ফুটিয়ে তোলা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘৩৯ বছরের স্মৃতি। ৩৯ বছর ধরে লিওনেল মেসি। এই দিনে ১৯৮৭ সালে, এক তারকার জন্ম হয়েছিল।’



প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন