ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপসেরা ফ্রান্স
সমাচার প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:৫৯ পিএম
ছবি-সংগৃহীত
বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিক করে নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে ফ্রান্স। শুক্রবারের এই জয়ে শতভাগ সাফল্য নিয়ে গ্রুপ ‘আই’-এর শীর্ষ দল হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে লে ব্লুজরা।
ম্যাচটিকে ঘিরে কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডের দ্বৈরথ নিয়ে আলোচনা থাকলেও নরওয়ের কোচ স্টালে সোলবাকেন বিশ্রাম দেন হালান্ডকে। পাশাপাশি অধিনায়ক মার্টিন ওডেগার্ড ও স্ট্রাইকার আলেক্সান্ডার সোরলোথকেও প্রথম একাদশে রাখেননি তিনি।
যুক্তরাষ্ট্রের জিলেট স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। ম্যাচের সপ্তম মিনিটেই এমবাপ্পের বাড়ানো বলে গোল করে দলকে এগিয়ে দেন ওসমানে ডেম্বেলে। ২০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
এক মিনিট পর থেলো আসগার্ড নরওয়ের হয়ে একটি গোল শোধ দিলেও ৩২ মিনিটে আবারও জালে বল জড়িয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ডেম্বেলে। বিশ্বকাপের ইতিহাসে এটি অন্যতম দ্রুততম হ্যাটট্রিক। এ ক্ষেত্রে ১৯৫৪ সালে অস্ট্রিয়ার এরিখ প্রোবস্টের ২৪ মিনিটে করা দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড অক্ষুণ্ন থাকলেও ডেম্বেলের কীর্তি ইতিহাসের সেরা হ্যাটট্রিকগুলোর একটি হিসেবে জায়গা করে নিয়েছে।
যোগ করা সময়ে ডিসায়ার ডুয়ের হেড থেকে আসে ফ্রান্সের চতুর্থ গোল। অন্যদিকে দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান কমানোর বড় সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি নরওয়ে। ৫০ মিনিটে জর্জেন স্ট্র্যান্ড লারসেনের নেওয়া পেনাল্টি দুর্দান্তভাবে রুখে দেন ফরাসি গোলরক্ষক মাইক মেইনাঁ।
এর আগে ইরাকের বিপক্ষেও গোল করেছিলেন ডেম্বেলে। তিন ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে চারটি। ফলে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের ওপর গোল করার চাপও কিছুটা কমেছে।
এই জয়ে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। গ্রুপ পর্বে তারা মোট ১০টি গোল করেছে। আগামী বৃহস্পতিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সেরা তৃতীয় স্থান অর্জনকারী একটি দলের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচ খেলবে দিদিয়ের দেশ্যমের দল।
তবে এ ম্যাচে দলের সঙ্গে ছিলেন না প্রধান কোচ দেশ্যম। মায়ের মৃত্যুর কারণে তিনি ফ্রান্সে অবস্থান করায় ডাগআউটে দায়িত্ব পালন করেন সহকারী কোচ গাই স্টিফান। বিশ্বকাপ শেষে দায়িত্ব ছাড়ার আগে শনিবার আবারও দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে দেশ্যমের।
অন্যদিকে, তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠেছে নরওয়ে। আগের দুই ম্যাচে ইরাক ও সেনেগালকে হারানো দলটি আগামী মঙ্গলবার ডালাসে আইভরি কোস্টের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচ খেলবে।
ডেম্বেলের এই হ্যাটট্রিক ফরাসি ফুটবলের ইতিহাসেও বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আগে বিশ্বকাপে ফ্রান্সের হয়ে হ্যাটট্রিক করেছিলেন শুধু জাস্ট ফন্টেইন (১৯৫৮ সালে দুইবার) এবং কিলিয়ান এমবাপ্পে (২০২২ বিশ্বকাপ ফাইনালে)। এবার সেই গৌরবময় তালিকায় নিজের নাম যোগ করলেন ২৯ বছর বয়সী এই তারকা।

