Logo
Logo
×

খেলা

দেড় বছর পর জাতীয় দলে ডাক পেলেন জিমি

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১১:৫৪ পিএম

দেড় বছর পর জাতীয় দলে ডাক পেলেন জিমি

ফাইল ছবি

প্রায় দেড় বছর পর আবারও জাতীয় দলে ডাক পেলেন অভিজ্ঞ রাসেল মাহমুদ জিমি। এশিয়ান গেমসের প্রস্তুতির ক্যাম্পে দলে ডাকা হয়েছে তাঁকে। সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার থেকেই মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চলমান অফিশিয়াল ক্যাম্পে যোগ দেবেন তিনি। জিমি ছাড়াও ফেরানো হয়েছে পুষ্কর খিসা মিমো, নাঈম উদ্দিন, মো. শিশির, আবু সাঈদ নিপ্পন এবং শহিদুল হক সৈকতকে।

আগের অ্যাডহক কমিটির অধীনে ঘরোয়া হকিতে পারফর্ম করা সত্ত্বেও যাঁদের জাতীয় দল ও ক্যাম্প থেকে দূরে রাখা হয়েছিল, নবগঠিত সিলেকশন কমিটি দায়িত্ব নেওয়ার পরদিনই তাঁদের মূল্যায়নের উদ্যোগ নেয়। দল গঠনে যেকোনো ধরনের পক্ষপাত দূর করার প্রতিশ্রুতি দিয়েছে এই নতুন কমিটি।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও সিলেকশন কমিটির সদস্য আরিফুল হক প্রিন্স বলেন, ‘আমরা দায়িত্ব গ্রহণের পরেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে জাতীয় দলে কখনোই আর ভবিষ্যতে কোনো বৈষম্য কিংবা অনিয়ম হবে না। সেই প্রেক্ষিতেই আজ সিলেকশন কমিটি গঠন করা হয়েছে। গত এক-দেড় বছরে ভালো পারফরম্যান্স থাকার পরেও যারা অন্তত জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পায়নি—আমরা সেই ছয়জন খেলোয়াড়কে আগামী শনিবার থেকে ক্যাম্পে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’

এশিয়ান গেমসের মতো বড় মঞ্চে অভিজ্ঞতার প্রয়োজনীয়তা এবং জিমির প্রয়োজনীয়তা নিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, ‘বয়সের কারণে কাউকে বাদ দেওয়া অগ্রহণযোগ্য, এটা অবিচারও। তাই আমরা তাঁকে (জিমি) ক্যাম্পে ডাকার সিদ্ধান্ত নিয়েছি। এশিয়ান গেমস অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি টুর্নামেন্ট এবং এখানে অবশ্যই অভিজ্ঞতার একটা আলাদা মূল্য রয়েছে। তাঁরা যদি নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শন করতে পারেন এবং বিদেশি কোচ ও সিলেকশন কমিটির আশানুরূপ খেলতে পারেন, তবে অভিজ্ঞতার ভিত্তিতেই চূড়ান্ত স্কোয়াডে তাঁদের জায়গা তৈরি হবে।’

২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন ৩৯ বছর বয়সী জিমি। ২০০৩ সালে শুরু হওয়া আন্তর্জাতিক ক্যারিয়ারে তাঁর ঝুলিতে রয়েছে ১৯৪টি ম্যাচের অভিজ্ঞতা। ১৭ মাস আগে বয়সের অজুহাতে বাদ পড়ার পরও হাল না ছেড়ে বাংলাদেশ নৌবাহিনীর অধীনে নিয়মিত অনুশীলন চালিয়ে গেছেন তিনি, আর মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগেও ছড়িয়েছেন ক্ষুরধার পারফর্ম।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন