Logo
Logo
×

খেলা

আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য কোটি টাকা অনুদান দিলেন মেসি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১০:২৮ পিএম

আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য কোটি টাকা অনুদান দিলেন মেসি

ছবি-সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে শিরোপা হারানোর হতাশা কাটিয়ে মানবিক উদ্যোগ নিয়ে আবারও আলোচনায় এসেছেন লিওনেল মেসি।  স্পেনের মাদ্রিদ অঞ্চলে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে পুনর্গঠন কার্যক্রমের জন্য ৮০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা) অনুদান দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আয়ুসো সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির এই উদ্যোগের কথা প্রকাশ করে তাকে ধন্যবাদ জানান।

আয়ুসো লিখেছেন, ‘লিওনেল মেসি মাদ্রিদের পশ্চিম সিয়েরা অঞ্চলের পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন।  আমরা তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আশা করি খুব শিগগির তাকে মাদ্রিদে স্বাগত জানাতে পারব এবং তার প্রাপ্য সম্মান জানাতে পারব।’

গত সপ্তাহে মাদ্রিদের উত্তর-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল স্পেনের সাম্প্রতিক সময়ের অন্যতম বড় প্রাকৃতিক দুর্যোগে পরিণত হয়। আগুনে প্রায় ২৭ হাজার হেক্টর বনভূমি ও বিস্তীর্ণ এলাকা পুড়ে যায়।  এতে সরাসরি ও পরোক্ষভাবে ৫০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হন। অনেক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়, আবার অনেকে নিজ নিজ বাড়িতে আটকা পড়ে দীর্ঘ সময় কাটাতে বাধ্য হন।

দাবানলের কারণে বহু ঘরবাড়ি, কৃষিজমি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে স্থানীয় প্রশাসন পুনর্গঠন কার্যক্রম শুরু করেছে। সেই উদ্যোগে মেসির অনুদান গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন