Logo
Logo
×

খেলা

ফ্রি-কিকে মেসির ৭৫তম গোল, সামনে এখন কেবল একজন

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম

ফ্রি-কিকে মেসির ৭৫তম গোল, সামনে এখন কেবল একজন

ছবি-সংগৃহীত

ফ্রি-কিকে আরও একটি মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে সান ডিয়েগোর বিপক্ষে গোল করে ফ্রি-কিক থেকে ক্যারিয়ারে ৭৫তম গোলের দেখা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। এই গোলের পর ফ্রি-কিক থেকে সর্বোচ্চ গোলের তালিকায় এককভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।

সোমবার সকালে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে নিজেদের মাঠ এনইউ স্টেডিয়ামে সান ডিয়েগোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। এ নিয়ে লিগে টানা চার ম্যাচে ড্র করল মায়ামি।

ম্যাচের ২৪তম মিনিটে ডি-বক্সের বাইরে ডান দিকে ফ্রি-কিক পায় মায়ামি। সেটি নিতে এগিয়ে যান মেসি। বাম পায়ের বাঁকানো শটে বল জালে জড়িয়ে দেন তিনি। সান ডিয়েগোর গোলরক্ষক ডেন সেন্ট ক্লেয়ার ঝাঁপিয়ে পড়েও বল আটকাতে পারেননি।

এর আগে অ্যান্ডার্স ড্রেয়ারের গোলে ১-০ ব্যবধানে পিছিয়ে ছিল মায়ামি। মেসির গোলে সমতায় ফেরার পর ম্যাচে আক্রমণের ধার বাড়ায় স্বাগতিকরা।

চলতি এমএলএস মৌসুমে এটি মেসির ২০তম গোল। ১১টি অ্যাসিস্টও করেছেন তিনি। ফলে গোল ও অ্যাসিস্ট—দুই তালিকাতেই শীর্ষস্থান ধরে রেখেছেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।

মেসির ৭৫তম ফ্রি-কিক গোল তাকে নিয়ে গেছে আরও একটি রেকর্ডের দ্বারপ্রান্তে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, ফ্রি-কিক থেকে ৭৮টি গোল করে সর্বোচ্চ অবস্থানে আছেন ব্রাজিলের সাবেক মিডফিল্ডার মার্সেলিনিয়ো কারিওকা। ফলে রেকর্ডটি নিজের করে নিতে মেসির প্রয়োজন আর চারটি গোল।

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ব্রাজিলের প্রয়াত ফরোয়ার্ড জাইর রোসা পিন্তো। ফ্রি-কিক থেকে তার গোলসংখ্যা ৭৪টি।

মেসির গোলের পর মায়ামিকে এগিয়ে দেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। ম্যাচের ৭৪তম মিনিটে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন তিনি। তবে আট মিনিট পর নিজের ও সান ডিয়েগোর দ্বিতীয় গোলটি করে মায়ামির জয় আটকে দেন ড্রেয়ার।

ড্রয়ে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে মায়ামিকে। ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে দলটি। শীর্ষে থাকা ন্যাশভিল এসসির চেয়ে তারা ১১ পয়েন্ট পিছিয়ে। নিয়মিত মৌসুমে মায়ামির হাতে রয়েছে আরও আট ম্যাচ।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন