বাংলাদেশ নারী দলের নতুন প্রধান কোচ ডেভিড হেম্প
সমাচার প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পিএম
সংগৃহীত ছবি
বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ডেভিড হেম্প। আগামী দুই বছরের জন্য তাকে এই দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী সেপ্টেম্বরে মেয়াদ শেষ হবে তার। ৫৫ বছর বয়সী হেম্প অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন। ব্রিসবেনে দলের সঙ্গে তার নতুন দায়িত্বের শুরু হবে। এই সফরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল।
হেম্পের আগে জাতীয় নারী দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন সারওয়ার ইমরান। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে তিনি এই দায়িত্ব পালন করে আসছিলেন।
বাংলাদেশ নারী দলের সঙ্গে অবশ্য হেম্পের কাজ এবারই প্রথম নয়। ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছিলেন তিনি। চলতি বছরের শুরুতে নেপালে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বেও একই দায়িত্বে ছিলেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচিং কাঠামোর সঙ্গেও বেশ কিছুদিন ধরেই যুক্ত হেম্প। ২০২৩ সালের মে মাসে তিনি হাই পারফরম্যান্স (এইচপি) দলের প্রধান কোচের দায়িত্ব নেন। পরের বছর বাংলাদেশ পুরুষ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবেও কাজ করেন তিনি। এর আগে ২০২৩ সালে নিউজিল্যান্ড সফরে পুরুষ দলের কোচিং স্টাফের সদস্য ছিলেন হেম্প।
নারী ক্রিকেটে কোচিংয়েরও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে সাবেক এই ক্রিকেটারের। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তান নারী জাতীয় দলের প্রধান কোচ ছিলেন তিনি। এ ছাড়া অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া স্টেট নারী দলের প্রধান কোচ এবং নারী বিগ ব্যাশ লিগের দল মেলবোর্ন স্টার্সের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন হেম্প।

