কিশোর ফুটবলারদের ২৫ লাখ টাকা পুরস্কার
সমাচার প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পিএম
আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত প্রথম ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে অংশ নিয়ে ১৮৯টি দেশের মধ্যে ১৩০তম হওয়া বাংলাদেশ দল পেয়েছে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার।
মঙ্গলবার বাফুফে ভবনে কিশোর ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রত্যেক খেলোয়াড়কে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। বাফুফের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী পুরস্কার ঘোষণা করেছেন ১০ লাখ টাকা। সব মিলিয়ে দলের পুরস্কার দাঁড়িয়েছে ২৫ লাখ টাকা।
বাংলাদেশের কিশোররা গ্রুপ পর্বে ছয় দলের মধ্যে পঞ্চম স্থান অর্জন করে। এরপর তাদের খেলতে হয় পঞ্চম স্তরের ছয় দল নিয়ে গঠিত টায়ার ‘ই’-তে। সেখানে রানার্সআপ হয় বাংলাদেশ। মূল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন, রানার্সআপ চেক প্রজাতন্ত্র।
তবে এই অর্জনকে ঘিরে বাফুফের প্রচারে তৈরি হয়েছে বিভ্রান্তি। দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি বাংলাদেশকে পুরো বিশ্বকাপের রানার্সআপ হিসেবে উল্লেখ করে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের আমন্ত্রণ জানিয়েছিল। অথচ বাংলাদেশ রানার্সআপ হয়েছে কেবল পঞ্চম স্তরের টায়ার ‘ই’-তে।
ফিফা আয়োজিত প্রথম এই বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে অংশ নেওয়া দলগুলোকে শুরুতে ৩০টি গ্রুপে ভাগ করে লিগ পদ্ধতিতে খেলা হয়। বাংলাদেশ ছিল ‘জি’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ ছিল ওয়েলস, পর্তুগাল, ইন্দোনেশিয়া, বুরুন্ডি ও ফিজি।
গ্রুপ পর্বে অবস্থানের ভিত্তিতে দলগুলোকে ছয়টি টায়ারে ভাগ করে শুরু হয় নকআউট পর্ব। ছয় দলের গ্রুপে পঞ্চম হওয়ায় বাংলাদেশ জায়গা পায় পঞ্চম স্তরের ‘ই’ টায়ারে। সেখানে রাউন্ড অব ৩২-এ সিশেলসের বিপক্ষে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে পরের রাউন্ডে ওঠে বাংলাদেশ।
শেষ ষোলোতেও টাইব্রেকারে সিঙ্গাপুরকে হারায় কিশোররা। এরপর কোয়ার্টার ফাইনালে মন্টেনিগ্রোকে ৪-০ গোলে এবং সেমিফাইনালে গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে টায়ার ‘ই’-এর ফাইনালে জায়গা করে নেয় তারা।
ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। শিরোপা নির্ধারণী ম্যাচে ৪-১ গোলে হেরে যায় বাংলাদেশ। ফলে টায়ার ‘ই’-এর রানার্সআপ হয়েই অভিযান শেষ করতে হয় কিশোর ফুটবলারদের।

