ইউটিউবকে চ্যালেঞ্জ জানাতে বিশ্ববাজারে বিলিবিলি
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১২:৫২ পিএম
ছবি: সংগৃহীত
চীনের জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম বিলিবিলি এবার দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ববাজারে বড় পরিসরে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক দর্শক ও কনটেন্ট নির্মাতাদের আকৃষ্ট করতে প্ল্যাটফর্মটির আন্তর্জাতিক সংস্করণের অ্যান্ড্রয়েড অ্যাপ চালু করা হয়েছে। পাশাপাশি ইংরেজি ভাষার ওয়েবসাইট তৈরির কাজও চলছে। এর মধ্য দিয়ে বিশ্বজুড়ে ভিডিও প্ল্যাটফর্মের বাজারে ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতায় নামার প্রস্তুতি নিচ্ছে চীনা প্রতিষ্ঠানটি।
মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারের জন্য বিলিবিলি নতুন করে তাদের অ্যাপ চালু করেছে। বর্তমানে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করতে পারছেন। শিগগিরই আইওএস সংস্করণও চালু হতে পারে।
বিদেশি ব্যবহারকারীদের জন্য নিবন্ধন প্রক্রিয়াও সহজ করা হয়েছে। আগে চীনের বাইরে থেকে বিলিবিলির মূল প্ল্যাটফর্ম ব্যবহার করতে পাসপোর্ট বা পরিচয়পত্রের মতো নথি দিয়ে পরিচয় যাচাই করতে হতো। নতুন আন্তর্জাতিক সংস্করণে সেই বাধ্যবাধকতা রাখা হয়নি। ফলে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা তুলনামূলক সহজে প্ল্যাটফর্মটিতে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
চীনা দর্শকদের কাছেও পৌঁছাবে বিদেশি নির্মাতাদের কনটেন্ট
বিলিবিলির পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক ও চীনা প্ল্যাটফর্মে মূলত একই ধরনের কনটেন্ট থাকবে। ফলে বিদেশি কনটেন্ট নির্মাতারা বিলিবিলির বিশাল চীনা দর্শকগোষ্ঠীর কাছে নিজেদের ভিডিও পৌঁছে দেওয়ার সুযোগ পাবেন। একইভাবে আন্তর্জাতিক দর্শকরাও চীনা ও অন্যান্য দেশের নির্মাতাদের কনটেন্ট দেখার সুযোগ পাবেন।
বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মটি আরও সহজলভ্য করতে ইংরেজি ভাষার ওয়েবসাইট তৈরির কাজও চলছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইংরেজি সংস্করণ শিগগিরই চালু করা হবে।
যুক্তরাষ্ট্র-ইউরোপ-জাপানে কর্মী নিয়োগ
আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপানসহ গুরুত্বপূর্ণ বাজারে কর্মী নিয়োগও শুরু করেছে বিলিবিলি। লস অ্যাঞ্জেলেস, লন্ডন, মেক্সিকো সিটি, সাও পাওলো, ইস্তাম্বুল ও টোকিওতে কমিউনিটি ম্যানেজার নিয়োগের জন্য পদ খোলা হয়েছে।
এর মাধ্যমে স্থানীয় ব্যবহারকারী ও কনটেন্ট নির্মাতাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি বিভিন্ন দেশের দর্শকদের জন্য উপযোগী কনটেন্ট ও কমিউনিটি গড়ে তোলার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
নির্মাতাদের আয়ের সুযোগ তৈরির পরিকল্পনা
শুধু দর্শক বাড়ানো নয়, আন্তর্জাতিক কনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের সুযোগ তৈরির পরিকল্পনাও করছে বিলিবিলি। এ জন্য একটি মার্কেটপ্লেস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে কনটেন্ট নির্মাতাদের সঙ্গে বিভিন্ন ব্র্যান্ডের যোগাযোগ করিয়ে দেওয়া হবে।
এর ফলে নির্মাতারা স্পনসরড কনটেন্ট ও অন্যান্য বাণিজ্যিক কাজের সুযোগ পেতে পারেন। আন্তর্জাতিক বাজারে নির্মাতাদের আকৃষ্ট করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।
চীনে বিশাল ব্যবহারকারীভিত্তি
বিলিবিলির মূল চীনা প্ল্যাটফর্মে ইতোমধ্যে বিপুলসংখ্যক ব্যবহারকারী রয়েছে। প্রতিষ্ঠানটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩৭ কোটি ৬০ লাখ। আন্তর্জাতিকভাবে পরিচিত কনটেন্ট নির্মাতাদেরও প্ল্যাটফর্মে যুক্ত করার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।
জনপ্রিয় মার্কিন কনটেন্ট নির্মাতা মি.বিস্টের (MrBeast) মতো তারকারাও বিলিবিলির চীনা প্ল্যাটফর্মে পরিচিত। বড় এই দর্শকভিত্তিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক নির্মাতাদের জন্য নতুন বাজার তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি।
ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতা সহজ হবে না
বিশ্বজুড়ে অনলাইন ভিডিও দেখার ক্ষেত্রে এখনো ইউটিউবের শক্ত অবস্থান রয়েছে। ফলে বিলিবিলির জন্য আন্তর্জাতিক বাজারে জায়গা করে নেওয়া সহজ হবে না। দর্শক ও নির্মাতাদের ধরে রাখতে যেমন প্রতিযোগিতা করতে হবে, তেমনি বিভিন্ন দেশের আইন ও নিয়ন্ত্রক কাঠামোর সঙ্গেও মানিয়ে নিতে হবে।
বিশেষ করে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের ক্ষেত্রে কনটেন্ট নিয়ন্ত্রণ, সেন্সরশিপ এবং ব্যবহারকারীর তথ্যের নিরাপত্তা নিয়ে বিভিন্ন দেশে প্রশ্ন উঠতে পারে। টিকটকের অভিজ্ঞতা দেখিয়েছে, চীনা মালিকানাধীন প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে পশ্চিমা দেশগুলোতে বাড়তি নিয়ন্ত্রণ ও রাজনৈতিক-নিয়ন্ত্রক চাপের মুখে পড়তে হতে পারে।
ফলে বিলিবিলির সামনে একই সঙ্গে রয়েছে বড় সম্ভাবনা ও বড় চ্যালেঞ্জ। সহজ নিবন্ধন, আন্তর্জাতিক নির্মাতাদের জন্য নতুন দর্শক এবং আয়ের সুযোগ তৈরি করতে পারলে বিশ্ব ভিডিও প্ল্যাটফর্মের বাজারে ইউটিউবের পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে বিলিবিলি।
সূত্র: মানিকন্ট্রোল

